রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনের ভয়াবহ আগুন ২৮ ঘণ্টা চেষ্টা করে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। টানা উদ্ধার ও নিভানোর প্রচেষ্টায় অবশেষে বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, “আজ বিকেল ৪টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। সবশেষ ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।”
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সকাল ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ২৮ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো এলাকা এখনো ধোঁয়ায় আচ্ছন্ন। স্থানীয়রা বলছেন, আগুন লাগার সময় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মুহূর্তেই আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তে ফায়ার সার্ভিসের পৃথক টিম কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনে থাকা দাহ্য কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

