মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৬ নভেম্বর ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘বন্দর বিদেশিদের দেব না’—স্কপের স্লোগানে মুখর চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার ‘পাঁয়তারা’ চলছে—এ অভিযোগ তুলে অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একইসঙ্গে লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিও জানানো হয়েছে।

বুধবার সকাল ১০টায় বন্দরের তিন প্রবেশপথ—মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট এবং বড়পুল এলাকায়—অবরোধ শুরু করে সংগঠনটির নেতারা। দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্কপ নেতারা। এসময় তারা স্লোগান দেন—‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’,এক হও লড়াই কর দুনিয়ার মজদুর।

স্কপ নেতারা জানান, লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডা প্রধান নির্বাহী আশিক চৌধুরী বলেছিলেন, এনসিটি চুক্তিও সাত দিনের মধ্যে হবে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, একটি অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক ও আইনগত অধিকার নেই।

বক্তারা বলেন, “বন্দর আমাদের লাইফ লাইন। এনসিটি লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ স্থাপনা—এটি বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না।” তারা আরও বলেন, ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে হরতালের ডাক দেওয়া হবে।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস. কে. খোদা তোতন বলেন, “আমরা চাইলে বন্দর অচল করে দিতে পারি। কিন্তু সময় দিচ্ছি। বিদেশিদের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।”

শ্রমিক নেতা খোরশেদ আলম বলেন, “কোনো রাষ্ট্র লাভজনক স্থাপনা ইজারা দেয় না। দেশকে বিক্রি করতে দেব না—প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।”

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল জানান, স্কপের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনটি পয়েন্টে অবরোধ চলছে এবং আন্দোলন আরও জোরদার করা হবে।