চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে করা চুক্তির সব ধরনের কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। শুনানির সময় রাষ্ট্রপক্ষ কার্যক্রম স্থগিত রাখার আশ্বাস দেয়।
রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গত ৩০ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে এনসিটি পরিচালনা-সংক্রান্ত চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। এরপর হাইকোর্ট রিটটি শুনানির জন্য গ্রহণ করে রুল জারি করেছিলেন।
বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি হস্তান্তরের বৈধতা প্রশ্ন তুলে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এ রিট আবেদন করেন।

