রবিবার
০৭ ডিসেম্বর ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে বড় ধরনের সামাজিক–রাজনৈতিক বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, একটি মহল ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টির অপচেষ্টা করছে।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ ধর্মভীরু, আমরা অবশ্যই ধর্মকে মানি। তবে ধর্ম দিয়ে রাষ্ট্রকে কিংবা সমাজকে বিভাজিত করা আমরা বিশ্বাস করি না। ১৯৭১ সালের মূল চেতনা ছিল—সকল ধর্মের মানুষের বাংলাদেশ।”
তিনি আরও বলেন, সকল অপপ্রয়াসকে পরাজিত করে বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে।
ছাত্রদলের প্রতি গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, “৩১ দফা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো যায়নি। আমি গ্রামে গেলে তার কোনো প্রতিফলন দেখি না। শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনগত দুর্বলতার কারণেই আগের নির্বাচনে আমরা ভালো করতে পারিনি। এখন ছাত্রদলকে আরও শক্তিশালী ও সক্রিয় হতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা দলীয় নীতিমালা, মাঠ পর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি ও তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করেন।