সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৩ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে হাদি–এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বোয়ালখালী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌরসভার বুড়ি পুকুর পাড় এলাকা থেকে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পরপরই পরিকল্পিতভাবে গুলি করে হাদিকে আতঙ্কিত করার চেষ্টা চলছে। এদেশের মানুষ খুব ভালোভাবেই জানে—কারা নির্বাচন বানচাল করতে চায়।”

তিনি অভিযোগ করে বলেন, সহিংসতা ও ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোটাধিকার নস্যাৎ করার অপচেষ্টা চলছে। তবে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলম, হাজী ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, শহীদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরু, মেহেদী হাসান সুজন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।