রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৫ ডিসেম্বর ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বিএসটিআই অনুমোদন ছাড়াই উৎপাদন—র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব-৭। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ অনুমোদনবিহীন বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কদমতলী এলাকার ‘ওয়ানপ্লাস’ নামের একটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি ফিল্ড অফিসার প্রকৌশলী মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযানে সহযোগিতা করে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় এবং পণ্যগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত বৈদ্যুতিক সরঞ্জাম বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।