সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

২৬ ডিসেম্বর ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শীতের দাপটে চট্টগ্রাম— কমেছে সবজির দাম, চড়া মাছ-মাংস

সিনিয়র রিপোর্টার:: দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের কাঁচাবাজারেও তার প্রভাব পড়েছে। হিমেল হাওয়ার ছোঁয়ায় দীর্ঘদিনের চড়া ভাব কাটিয়ে সবজির দামে এসেছে কিছুটা স্বস্তি। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা গেলেও মাছ ও মাংসের বাজারে এখনো দাম বেশ চড়া রয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নগরীর কর্ণফুলী মার্কেট, রেয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট ও অক্সিজেন এলাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দাম রয়েছে ৬০ থেকে ৮০ টাকার ঘরে।

আজকের বাজারে মাঝারি ফুলকপি প্রতিপিস ২০ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৩০ টাকা, ঝিঙ্গা ও খিরা ৫০ টাকা, বরবটি ও টমেটো ৮০ টাকা, গাজর ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, আলু ২০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

সবজির তুলনায় মাছের বাজারে তেমন স্বস্তি নেই। তেলাপিয়া আকারভেদে প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, মাঝারি রুই ৩২০ থেকে ৩৫০ টাকা, কই ২৫০ থেকে ২৮০ টাকা, চাষের শিং ৪০০ থেকে ৪৫০ টাকা এবং বড় চিংড়ি ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাঙাস ১৭০ থেকে ২০০ টাকা, শোল ৮০০ টাকা এবং টেংড়া ৫০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারেও দাম কমার কোনো লক্ষণ নেই। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালী ২৮০ টাকা, লেয়ার ৩০০ টাকা, দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরীর রেয়াজউদ্দিন বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী পাভেল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে সবজির দাম বেশি ছিল। এখন কিছুটা কমেছে ঠিকই, তবে শীতের মৌসুম হিসেবে আরও কমা উচিত ছিল। গ্রামাঞ্চলের তুলনায় চট্টগ্রামে এখনো সবজির দাম কিছুটা বেশি।

অন্যদিকে বহদ্দারহাট বাজারের ক্রেতা মইন মসারফ বলেন, মাছের দাম কখনোই কমতে দেখি না। সাধারণ মানুষের জন্য ভালো মাছ কিনে খাওয়া কঠিন হয়ে পড়েছে। একই বাজারের মাছ বিক্রেতা শহিদুল ইসলাম জানান, মাছের খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক মাছ আগের দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

সবজির দামের বিষয়ে কর্ণফুলী মার্কেটের সবজি বিক্রেতা রফিক হাবিব বলেন, শীত মৌসুমে সরবরাহ ভালো থাকায় এখন সবজির দাম কম। তবে আগের দিকে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় দাম আরও কমেনি। কৃষকের ক্ষতি না হলে বাজারে সবজির দাম আরও কম হতে পারত।