বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৩ জানুয়ারি ২০২৬

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

নৃত্য-গীত নয়, আইন প্রণয়ন হবে আগামীর সংসদে—সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতের সংসদ হবে মানুষের কথা বলার জায়গা—যেখানে সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই, যেখানে আর শুধু নৃত্য-গীত বা প্রশংসার স্তুতিবাক্য হবে না। সেই সংসদে আইন প্রণয়ন হবে, মানুষের পক্ষে কথা বলা হবে এবং গঠনমূলক বিরোধিতা থাকবে।”

তিনি বলেন, আগামীর সংসদ হবে এমন একটি সংসদ, যা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ববাসীর সামনে একটি গণতান্ত্রিক নজির স্থাপন করবে। সংসদ সদস্যরা মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন—এমন সংসদই বিএনপি দেখতে চায়।

বিএনপির এই নেতা আরও বলেন, আগামীর নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে এগোবে। এটি হবে জনগণের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন।

তিনি বলেন, “এই নির্বাচন হবে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্বাচন। আমরা মনে করি, আগামীর নির্বাচন হবে জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, যা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।”

কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্যসচিব শরিফুল আলমসহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।