মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বারইয়ারহাট–রামগড় সড়কের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ধুম ইউনিয়নের শান্তিরহাট এলাকা থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নামিয়ে দিলে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার মুহূর্তে চালক দরজা খুলে লাফ দিয়ে নেমে পড়েন। তখন গাড়িটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনাস্থলেই কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, “আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি মাইক্রোবাস একসঙ্গে আসছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নেমে যায় এবং চালক লাফ দিয়ে নামেন। গাড়িটির গতি খুব বেশি ছিল।”
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হাবিব বলেন, “দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”