বুধবার
১৪ জানুয়ারি ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


ক্রীড়া প্রতিবেদক:: ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি বাংলাদেশে এসেছে। সোনালি এই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন দেশের ফুটবলপ্রেমীরা, তবে সময়টা থাকছে সীমিত।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্বকাপ ট্রফিবাহী বিমান ঢাকায় পৌঁছায়। এবারের সফরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে রাখা হয়েছে বিশ্বকাপের ট্রফিটি।
মাত্র ৮ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করবে ফিফা বিশ্বকাপ ট্রফি। সন্ধ্যা ৬টায় এটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সর্ববৃহৎ এই আসর। তিন আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—জুড়ে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।
৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করেছে ফিফা। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি দল। ইতোমধ্যে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী ‘সি’ গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, কোট দিভোয়ার ও কুরাসাও। এছাড়া ফ্রান্স পড়েছে ‘আই’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পড়েছে ‘কে’ গ্রুপে।
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোর মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটলান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া ও সিয়াটল। কানাডা থেকে ভ্যানকুভার ও টরন্টো এবং মেক্সিকো থেকে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে নির্বাচিত হয়েছে।