রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১১ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

‘অধ্যাদেশ জারির সরকার ছিল অন্তর্বর্তী সরকার’—স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিগত অন্তর্বর্তী সরকারকে ‘অধ্যাদেশ জারির সরকার’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দায়িত্ব ছাড়ার সময়ও তারা নতুন একটি অধ্যাদেশ জারি করতে চেয়েছিল।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “আমরা এতে সই করেছি। যারা এখন সমালোচনা করছে, তারাই নির্বাচনের পর এতে সই করেছে।”

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে অস্বীকার করে না এবং দলটি এটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সনদে যতটুকু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ততটুকুই বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিএনপি নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ীও কাজ করবে বলে জানান তিনি।

সংবিধান সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে বিষয়টি সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে নতুন করে শপথ নেওয়ার বিষয়টিও নির্দিষ্ট সাংবিধানিক কাঠামো মেনে করা হবে।

তিনি আরও বলেন, যারা মনে করে ষড়যন্ত্র করে তাদের পরাজিত করা হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখা ‘না-জায়েজ’।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষ নেতৃবৃন্দসহ অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ৫৫৯ দিনে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। সে হিসাবে গড়ে প্রতি ৪.২০ দিনে একটি করে অধ্যাদেশ জারি করা হয়। সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন বসার এক মাসের মধ্যে এসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে হলে বর্তমান সরকারকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারটি করে অধ্যাদেশ আইনে রূপান্তর করতে হবে।