রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরাতে উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে ‘মব’ হিসেবে দেখার প্রবণতা নিয়ে সতর্ক করে তিনি বলেছেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়; অনেক ক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন অপরাধ।

- Advertisement -

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়-এ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, তালিকা প্রকাশ করলে অনেক সময় তা রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। তাই পেশাদারভাবে তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া কক্সবাজার সমুদ্রসৈকত-এ শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার দেশের গর্ব এবং এটিকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে হবে। সৈকতে থাকা অবৈধ স্থাপনাগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করা হবে।

দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না; সবাইকে আইনের আওতায় আনা হবে।

সভায় উপস্থিত ছিলেন আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান এবং পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ প্রশাসন ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও