রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৩ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সংসদের উদ্বোধনী অধিবেশনে স্লোগান দেওয়া রীতির বাইরে: স্পিকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের স্লোগান দেওয়া ঠিক হয়নি। এটি সংসদীয় রীতির বাইরে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধ, সাভার-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এদিন সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্মৃতিসৌধে পৌঁছালে তাদের স্বাগত জানান ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম ও ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্মৃতিসৌধের মূল বেদিতে প্রথমে স্পিকার এবং পরে ডেপুটি স্পিকার পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের সঙ্গে জাতীয় সংসদে স্পিকারের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলার দায়িত্বে থাকা সার্জেন্ট-অ্যাট-আর্মস উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, সংসদের উদ্বোধনী অধিবেশনে বিরোধী দলের স্লোগান দেওয়া ঠিক হয়নি। অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদে এসেছেন। তাদের সংসদীয় রীতিনীতি আত্মস্থ করতেও কিছুটা সময় লাগবে। তবে তারা যা কিছু করেছেন, তা তাদের অধিকারের মধ্যেই রয়েছে। সংসদীয় রীতি-নীতির পরিপন্থি এর চেয়ে বেশি কিছু তারা করবেন না বলে আমরা প্রত্যাশা করি।

স্পিকার আরও বলেন, সংসদে সরকার ও বিরোধীদল মিলেই আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হবে। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি এবং ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।