রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

১৭ মার্চ ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঈদযাত্রায় কঠোর নিরাপত্তা, কোনো অনিয়মে ছাড় নয়: আইজিপি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ পুলিশ। কোনো অনিয়ম বা অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ঈদযাত্রাকে সুষ্ঠু ও সুন্দর করতে দেশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। সব ইউনিটের ফোর্স মাঠে থাকবে এবং যাত্রীদের যেকোনো ধরনের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, “প্রতিবছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়। এবার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন।”

সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে যানজট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি।

চালক ও হেলপারদের ট্রাফিক আইন মানার ওপর জোর দিয়ে আইজিপি বলেন, অনেক সময় অসচেতনতার কারণেই যানজট তৈরি হয়। সামান্য সচেতনতা বাড়লেই পরিস্থিতির উন্নতি সম্ভব।

বাস টার্মিনালে বাড়তি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, টার্মিনাল এলাকায় মাদকসেবী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধী সক্রিয় থাকে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে আইজিপি জানান, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার থাকতে দেওয়া হবে না। আইন প্রয়োগের মাধ্যমে এসব বন্ধ করা হবে।

টিকিটের অতিরিক্ত মূল্য নেওয়া হলেও অভিযোগ না করার প্রবণতা নিয়ে তিনি বলেন, আইন জানা ও প্রয়োগ করা নাগরিকের দায়িত্ব। “আইন জানি না—এই অজুহাত গ্রহণযোগ্য নয়,” যোগ করেন তিনি।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।