সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৯ এপ্রিল ২০২৬

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়লো

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি করেছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এক ঘোষণায় এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন নির্ধারিত দামে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা করা হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে আমদানিনির্ভর পণ্যে চাপ তৈরি হয়েছে। যেহেতু বাংলাদেশে সয়াবিন উৎপাদন হয় না, তাই সম্পূর্ণ আমদানির ওপর নির্ভর করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব দেশের বাজারেও পড়ে।

তিনি আরও জানান, রমজান মাস থেকেই আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, আগের দামে তেল বিক্রি করতে গিয়ে তারা ধারাবাহিকভাবে লোকসানের মুখে পড়ছিলেন।

সরকার বিষয়টি যাচাই-বাছাই করে আংশিক মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এতে ভোক্তারা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন এবং বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে দেশের অন্যতম ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, দীর্ঘদিন ধরেই মূল্য সমন্বয়ের প্রয়োজন ছিল। যদিও নতুন দাম ‘ন্যূনতম’ সমন্বয়, তবুও এটি পুরোপুরি যথেষ্ট নয়।

তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী নতুন এই দাম ঈদ পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় আবারও সমন্বয় হতে পারে।

বৈশ্বিক বাজারের প্রভাব এবং আমদানিনির্ভরতার কারণে নিত্যপণ্যের দামে চাপ অব্যাহত থাকছে। নতুন এই সিদ্ধান্তে বাজারে সরবরাহ স্বাভাবিক হলেও ভোক্তাদের ব্যয় আরও কিছুটা বাড়বে।