রবিবার
০৩ মে ২০২৬
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশে হাম ও এর উপসর্গে প্রায় তিনশ শিশুর মৃত্যুর খবরে উদ্বেগের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, হামের টিকাদানে কোনো ঘাটতি নেই এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।
রোববার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ শিশু হামের টিকার আওতায় এসেছে।
মন্ত্রী বলেন, টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং টিকাদান কার্যক্রম চলমান। “টিকা না পাওয়ার সংখ্যা কমে আসছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং মৃত্যুর হারও কমছে। তবে অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগে,” যোগ করেন তিনি।
শিগগিরই শতভাগ শিশুকে টিকার আওতায় আনার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আর দুই-চার দিনের মধ্যেই আমরা ১০০ শতাংশ লক্ষ্য পূরণ করতে পারব। এ ক্ষেত্রে কোনো স্টক ঘাটতি বা দুর্বলতা নেই।”
এদিকে, একই দিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৫০ জন এবং উপসর্গ নিয়ে ২৪৪ জনের মৃত্যু হয়েছে।
সকালে একই ভেন্যুতে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে জেলা প্রশাসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরেন।
তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, মাতৃদুগ্ধ পান বাড়ানো, জলাতঙ্ক ও সাপে কাটার ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ক্লিনিক ও ওষুধ বিক্রি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া উল্লেখ করে তিনি বলেন, এ কাজে জেলা প্রশাসকদের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।