শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হাম এখনো মহামারি নয়—পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশে হামের পরিস্থিতি এখনো মহামারির পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

- Advertisement -

সোমবার জিন্দা পার্ক এলাকায় অবস্থিত লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “এটি এখনো মহামারি নয়। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেগুলোকে টার্গেট করে ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনা হয়েছে। যেখানে প্রয়োজন, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে চলে আসবে।”

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতের সরকারগুলোর ব্যর্থতায় স্বাস্থ্যখাতের সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে।

তিনি জানান, হামের জটিলতায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় দ্রুত আইসিইউ স্থাপন এবং ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। নিউমোনিয়া জটিলতা দেখা দিলে এসব সুবিধা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

ভ্যাকসিন সংকট কাটাতে ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। করোনাকালীন অব্যবহৃত তহবিল ব্যবহার করে দ্রুত ভ্যাকসিন ও সিরিঞ্জ সংগ্রহ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ অন্যান্য এলাকাতেও এটি সম্প্রসারণ করা হয়েছে। সোমবার থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে এই কর্মসূচি চালু হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলেও জানান তিনি। “আগামী দুই-তিন দিনের মধ্যে টিকাদান কার্যক্রম আরও জোরদার হলে আক্রান্তের সংখ্যা কমে আসবে,”—যোগ করেন মন্ত্রী।

তিনি আরও জানান, দেশে চিকিৎসক ও স্বাস্থ্য সরঞ্জামের কিছু ঘাটতি রয়েছে। তবে নতুন করে চিকিৎসক নিয়োগসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে তা মোকাবেলায়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও