রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৩ মে ২০২৬

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ভোজ্যতেলের সরবরাহ এখন অনেকটাই স্বাভাবিক—বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৩ মে) বিকেলে কারওয়ান বাজার-এ আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে চিকেন মার্কেট এলাকায় বিভিন্ন দোকান ঘুরে দেখেন মন্ত্রী এবং ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। বিক্রেতারা জানান, আগের তুলনায় ভোজ্যতেলের সরবরাহ বেড়েছে এবং বাজার পরিস্থিতির উন্নতি হয়েছে।

তারা আরও জানান, বর্তমানে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের চাহিদা বেশি। ক্রেতারা খোলা তেলের চেয়ে বোতলজাত তেলের দিকে বেশি ঝুঁকছেন।

সরেজমিনে দেখা যায়, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৭০-৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১ লিটার ও ২ লিটার বোতলজাত তেলের দাম যথাক্রমে ১৯৫ টাকা ও ৩৯০ টাকা।

মন্ত্রী সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। তারা জানান, বাজারে এখন তেল সহজলভ্য এবং আগের তুলনায় সরবরাহ পরিস্থিতি ভালো।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সরকার ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিবিড়ভাবে কাজ করছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় করা হলেও আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও তা সমন্বয় করা হবে।

তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।