কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ড্রাম ট্রাকের ধাক্কায় মোহাম্মদ শরিফ উল্লাহ নামে এক টমটম চালক নিহত হয়েছে।
সোমবার (৩০ জুন) রাত পৌনে ৮ সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার থেকে টমটম চালক মোহাম্মদ শরিফ উল্লাহ বাড়িতে চলে যাওয়ার সময় মালুমঘাট বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসলে কক্সবাজারগামী একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়।
ফলে টমটম চালক মোহাম্মদ শরিফ উল্লাহ গুরুতর আহত হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত হওয়া টমটম চালক মোহাম্মদ শরিফ উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ শরিফ উল্লাহ কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের কিসমত আলী পাড়া এলাকার মোহাম্মদ ইসমাইলের পুত্র।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত হওয়া অবস্থায় মোহাম্মদ শরিফ উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ড্রাম ট্রাক ও টমটমটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উক্ত দুর্ঘটনা বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

