সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

থিয়েটার ইনস্টিটিউটে ‘শেকড়ের গান’, শিশু থেকে অভিভাবক—সবার কণ্ঠে সুর

নিউজ ডেস্ক

বাংলা গানের চিরায়ত ঐতিহ্য, শেকড় ও লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে সঞ্চারী সংগীত নন্দন একাডেমির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘শেকড়ের গান’ শীর্ষক গানের আসর।

- Advertisement -

শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া অনুষ্ঠানে একাডেমির শিশু-কিশোর থেকে শুরু করে জ্যেষ্ঠ শিক্ষার্থীরা বাংলা আধুনিক গান পরিবেশন করেন। পাশাপাশি ছিল সম্মেলক সংগীত ও অভিভাবকদের অংশগ্রহণে সমবেত সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অধিবেশন ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও একাডেমির সভাপতি প্রফেসর ড. সুদীপ দত্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সার্ভিস লার্নিং সেন্টারের পরিচালক সৈয়দা জেরিনা হোসেন।

সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী ও শিল্পোদ্যোক্তা রিয়াজ ওয়ায়েজ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত দত্ত। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির উপদেষ্টা আশিষ কুমার চৌধুরী, অ্যাডভোকেট সুমন ধর, অ্যাডভোকেট শুভাশিস শর্মা, পৃথ্বীরাজ নন্দী ও সংগীতশিল্পী শুভ দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী প্রিয়ম কৃষ্ণ দে ও ব্রততী কর (কৃপা)।

সন্ধ্যা ৭টায় একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সম্মেলক সংগীত। পরে অভিভাবকদের অংশগ্রহণে পরিবেশিত হয় সমবেত সংগীত।

আয়োজনের বিভিন্ন পর্বে আমন্ত্রিত যন্ত্রসংগীত শিল্পী হিসেবে অংশ নেন নন্দন নন্দী (অক্টোপ্যাড), রিপন দাশ (তবলা), রুমেন শীল (কীবোর্ড), সুচয়ন দে (গিটার), সুজন দাশ (বাঁশি) ও সেতু ধর (তবলা)। এ ছাড়া আমন্ত্রিত নৃত্যদল সুরাঙ্গন বিদ্যাপীঠ অ্যান্ড ডান্স একাডেমি নৃত্য পরিবেশন করে।

আয়োজকদের মতে, ‘শেকড়ের গান’-এর মূল ভাবনা হলো বাংলা লোকগানের মধ্য দিয়ে দেশের মাটি, মানুষ ও জীবনকথাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। লোকগানের চিরন্তন সুর ও ঐতিহ্যকে শিশু-কিশোর, তরুণ ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের কণ্ঠে ধারণ ও চর্চার মাধ্যমে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শিক্ষার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবকও এ আয়োজনে অংশ নেন। বাংলা আধুনিক গান, লোকজ সুর ও নৃত্যের নানা পরিবেশনায় দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় শিক্ষার্থী, অভিভাবক ও সংগীতপ্রেমীদের মিলনমেলায়।

সর্বশেষ

এই বিভাগের আরও