চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় হাটহাজারী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের চবি ২ নম্বর গেট বাজার থেকে পূর্ব রেলগেট পর্যন্ত এলাকায় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়ায়।
উত্তেজনা ও আক্রমণাত্মক পরিস্থিতি অব্যাহত থাকায় ৩১ আগস্ট দুপুর ২টা থেকে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এ সময়ে উল্লিখিত এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত, অস্ত্র বহন এবং পাঁচজনের অধিক লোকের একত্রে চলাফেরা নিষিদ্ধ থাকবে।
এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে এক ছাত্রীকে হেনস্তার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই ঘটনার প্রতিবাদে সকালে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে বেলা ১২টার দিকে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এতে চবি উপ-উপাচার্য, প্রক্টরসহ অগণিত শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ফাঁকা গুলি ছোড়ে।

