মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইপিএসিসি)-এ অংশগ্রহণ শেষে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরেছেন।

- Advertisement -

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সকালে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এই সম্মেলনে প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতা-এর গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারি ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল টান সেরি দাতো সেরি মুহাম্মাদ হাফিজউদ্দিন জানতান-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং যৌথ প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সেনাপ্রধান ২২ সেপ্টেম্বর সরকারি সফরে মালয়েশিয়া যান।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও