বিশ্বখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং চট্টগ্রামের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান সিটি প্রশাসক। অলিভিয়ের রোঙের মাধ্যমে এমবাপের কাছে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।
সাক্ষাৎকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন।
তিনি বলেন, কিলিয়ান এমবাপের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রামে এলে শিশু-কিশোর ও তরুণেরা খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে। সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার জরুরি। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকেও তাদের দূরে রাখা সম্ভব।
এ প্রসঙ্গে তিনি জানান, নগরীতে খেলাধুলার পরিবেশ তৈরির লক্ষ্যে চসিক ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
এ সময় আলিয়ঁস ফ্রঁসেজের দীর্ঘদিনের সাংস্কৃতিক অবদানের প্রশংসা করে চসিক প্রশাসক চট্টগ্রামের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।
আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এমবাপেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানানো অত্যন্ত সম্মানজনক বিষয়। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।
আলিয়ঁস ফ্রঁসেজের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, চট্টগ্রামের তরুণদের মধ্যে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। কিলিয়ান এমবাপে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে আদর্শ খেলোয়াড়। তাঁর চট্টগ্রাম সফর এ অঞ্চলের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে ফ্রান্সের বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) মাধ্যমে চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় বড় বিনিয়োগের বিষয়টি উঠে আসে। এ বিনিয়োগের মাধ্যমে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার টেকসই সমাধানের আশা প্রকাশ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ-ফ্রান্সের সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

