মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তানজিন তিশার পাল্টা মামলা, আসামি সানায়া ও ফাতেমা

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের জেরে এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সানায়া আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী।

- Advertisement -

গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ নভেম্বর সানায়া আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেন তাঁর মক্কেল। মামলায় সানায়াকে এক নম্বর এবং ফাতেমাকে দুই নম্বর আসামি করা হয়েছে।

এ বিষয়ে তানজিন তিশা জানান, যা বলার তাঁর আইনজীবী বলবেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। এর পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন অভিনেত্রী।

অন্যদিকে, হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন সানায়া আনাম ওয়াফিকাহ।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। তবে ওই দিন আবেদনের শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সর্বশেষ

এই বিভাগের আরও