চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেছেন, “দল এমন মানুষকেই নমিনেশন দেবে, যার কোনো দাগ নেই, ক্লিন ইমেজ যাকে মানুষ ভোট দেবে।”
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দলের হাই কমান্ডের নির্দেশনায় নেতাকর্মীদের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। কিছু অসাধু ব্যক্তি অবৈধ বালু উত্তোলন, গাছ কাটা, মাছ চুরি ও চোরাচালানের মতো অপকর্মের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তার করে মনোনয়নের প্রচারণা চালাচ্ছে। বহিষ্কৃত ওইসব নেতারা মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি ভালোভাবে জানে কে কতটা গ্রহণযোগ্য এবং সঠিক।
নুরুল আমিন বলেন, “আমরা খারাপ কাজ করে নয়, মানুষের সেবা করে এবং দলের নির্দেশনা মেনে পরিচিতি পেতে চাই। গ্রামে গ্রামে গিয়ে নারী-পুরুষ-বৃদ্ধ সবার সঙ্গে কথা বলতে হবে। গণমানুষের কাছে বিএনপির ৩১ দফা মূল প্রতিপাদ্য তুলে ধরতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে, কারণ বিএনপি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল।”
তিনি আরও জানান, দল যাকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য আবু নোমান ভূঁইয়া, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, নুর আলম, ইছাখালী ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসেম বাবুল, সোরাব উদ্দীন শিমুন, ডা. জাহিদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

