চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনাস্থল কভার করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজ।
আহত ক্যামেরাপার্সন মো. পারভেজ জানান, “সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ ৫০-৬০ জন দুর্বৃত্ত আমাদের ওপর হামলা চালায়। তারা অস্ত্র ও গাছের টুকরো দিয়ে আঘাত করে। আমাদের মোবাইল ফোন, মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং ক্যামেরা ভেঙে ফেলে। পরে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। কোনোরকমে সেখান থেকে আমরা বেরিয়ে আসি।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, “সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত থাকায় সাংবাদিক হোসাইন জিয়াদ বর্তমানে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।”
এর আগে শনিবার (৪ অক্টোবর) ভোরে আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

