সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের অপেক্ষা শেষ, ১৬ অক্টোবর জানা যাবে এইচএসসি ও সমমানের ফল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত শিক্ষার্থীদের ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হবে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী

- Advertisement -

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফল সকাল ১০টায় প্রকাশিত হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীরা ফলাফল পেতে পারেন www.educationboardresults.gov.bd
ওয়েবসাইটে Result কর্ণার থেকে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN দিয়ে। এছাড়া শর্ট কোড 16222 ব্যবহার করে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। তবে ফলাফল সরাসরি শিক্ষা বোর্ড, মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে পাওয়া যাবে না।

পরীক্ষার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন থেকে ১৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা পরে পরীক্ষা শেষ হয়। এ বছর মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্র থেকে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার জন্য মোট ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী অংশগ্রহণ করেন। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থী।

সর্বশেষ

এই বিভাগের আরও