জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার টিকটকের মতো ভিডিও অভিজ্ঞতার দিকে এগোচ্ছে। মেটা জানিয়েছে, রিলস ফিচারে আসছে বড় পরিবর্তন— যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ভিডিও দেখতে আগ্রহী থাকেন।
সম্প্রতি মেটা নতুন একটি ফিচার ‘ফ্রেন্ড বাবল’ যুক্ত করেছে। এর মাধ্যমে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে ভিডিওর নিচে তার প্রোফাইল বাবল দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট করতে পারবেন। মেটার দাবি, এই ফিচার বন্ধুদের সংযোগ আরও দৃঢ় করবে।
এছাড়া, মেটা জানিয়েছে, রিলসের রিকমেন্ডেশন সিস্টেম আরও উন্নত করা হয়েছে। এখন এটি ব্যবহারকারীর আগ্রহ বুঝে দ্রুত নতুন ও প্রাসঙ্গিক ভিডিও দেখাতে সক্ষম। এর ফলে ফেসবুক ব্যবহারকারীরা আগের তুলনায় ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুকে প্রকাশিত ভিডিওর অর্ধেকেরও বেশি এখন রিলস ফরম্যাটে। এর বেশিরভাগই প্রকাশের দিনেই ক্রিয়েটররা আপলোড করছেন, ফলে ব্যবহারকারীরা পাচ্ছেন আরও নতুন ও আপডেটেড কনটেন্ট।
চলতি বছরের শুরুতে মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেছিলেন, তিনি “পুরনো দিনের ফেসবুক” ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনগুলো মূলত টিকটকের মতো ভিডিও অভিজ্ঞতা তৈরির অংশই।

