একদিনে ডেঙ্গুতে আরও ৯২৮ জন আক্রান্ত, মৃত্যু ৩ জনের বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৯২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪২ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত একদিনে সারা দেশে ৯৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬৯ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৭৮ জনের।
২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

