‘ব্রেইল শিখে সহজে পড়ি, স্বাধীনভাবে জীবন গড়ি’— এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ব্রেইল পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ অক্টোবর শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদীন হলে কৃস্টি ট্রাস্টের উদ্যোগে এবং চট্টগ্রাম এরিয়ার ২১টি রোটারি ক্লাবের আর্থিক সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ব্রেইল পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীবান্ধব মানুষের জন্য বাসযোগ্য নগরী গড়ে তুলতে আমরা কাজ করছি। ব্রেইল শিক্ষা পদ্ধতিকে আরও আধুনিক ও সহজলভ্য করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন, “সাবরিনা সুলতানার এই অদম্য সাহসিক অগ্রযাত্রা সমাজে অনুপ্রেরণার উৎস হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃস্টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবরিনা সুলতানা। স্বাগতিক রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদা আক্তার মিতা রোটারিয়ানদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিতে আমরা সবসময় কৃষ্টি ফাউন্ডেশনের সঙ্গে আছি।”
অনুষ্ঠানে ২১টি রোটারি ক্লাবের যৌথ সহযোগিতায় তিনটি বিভাগে মোট নয়জন প্রতিযোগীর হাতে ৭৫ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি ব্রেইল বই নির্মাণ, প্রকাশনা ও গবেষণার জন্য স্বাগতিক ক্লাবের সভাপতি সাবিনা কাইয়ুম ৫০ হাজার টাকা প্রদান করেন কৃষ্টি ট্রাস্টকে।
রোটারিয়ান ওমর আলী ফয়সাল অনুষ্ঠানের আপ্যায়নের জন্য অনুদান দেন ২০ হাজার টাকা। এছাড়া রেইনবো ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সুবর্ণা দে এই যৌথ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি রোকেয়া সুলতানা, তাসনুভা হায়দার নোভা, এমদাদুল আজিজ, নজরুল ইসলাম নান্টু, খনরঞ্জন রায়, ফোরকান উদ্দিন, রাসেল উদ্দিন, আবদুল্লাহ নোমানসহ বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ।

