সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“স্বাধীনতা-সার্বভৌমত্বে অগ্রাধিকার” — ইউনূস সরকারকে সমর্থন বিএনপির

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি এখনও আস্থা রাখে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

- Advertisement -

রোববার (১৬ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় জেলা বিএনপির নেতাকর্মী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ইউনূস সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে বিএনপি বিশ্বাস করে। অতীতের ভুল সংশোধনের মাধ্যমে দেশের সামনে নতুন পথ তৈরির সুযোগ এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে বিদেশি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, যা দেশের স্বার্থবিরোধী।

বিশেষ করে ভারতের আদানি গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎচুক্তিকে “রাষ্ট্রবিরোধী” আখ্যা দিয়ে রিজভী বলেন, ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুতের বড় অংশ বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে কেনার বিষয়টি অযৌক্তিক। তার দাবি, এসব চুক্তির মাধ্যমে শেখ হাসিনা জনস্বার্থের চেয়ে বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন।

দেশের কৌশলগত স্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, বিশেষ করে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের সম্ভাব্য উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল। রাষ্ট্রের প্রধান বন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

রিজভী বলেন, উন্নয়ন ও বিনিয়োগ অবশ্যই প্রয়োজন, তবে তা কখনোই দেশের স্বাধীনতা ও নিরাপত্তার বিনিময়ে হতে পারে না। পূর্ববর্তী সরকারের কর্মকাণ্ডে জনগণ চরম চাপের মধ্যে পড়েছিল দাবি করে তিনি আশা জানান যে, বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সার্বভৌমত্ব রক্ষার নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

মানবিক সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখনও বহু মানুষ দারিদ্র্য, বৈষম্য ও অবহেলার শিকার। মানবিক দায়বদ্ধতা থেকেই বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। তিনি দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন, যাতে সহায়তা পাওয়া পরিবারটি নিয়মিত সহযোগিতা ও প্রয়োজনীয় চিকিৎসাসহ খাদ্য সহায়তা পায়।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও