দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা।
বুধবার ১৯ নভেম্বর থেকে এ দাম কার্যকর হবে বলে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দামের হিসাবে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে, যদিও ডিজাইনভেদে মজুরির তারতম্য থাকতে পারে।
গত ১৫ নভেম্বরও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ১৬ নভেম্বর থেকে কার্যকর ছিল। তবে সর্বশেষ সমন্বয়ে ওই দাম আরও কমানো হলো।
স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। দেশে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

