রেকর্ড উচ্চতায় ওঠার পর মাত্র একদিনের ব্যবধানে বিশ্ববাজারে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেচাকেনায় মূল্যবান এই ধাতুর দাম কমেছে ৫ শতাংশেরও বেশি।
এদিন আউন্সপ্রতি স্বর্ণের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলার। করোনা মহামারি শুরুর পর থেকে এটি সোনার সবচেয়ে বড় একদিনের দরপতন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এর আগের দিন সোমবার (২০ অক্টোবর) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৫২ ডলারে পৌঁছেছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতাই এই দরপতনের প্রধান কারণ। তারা মনে করছেন, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা কিছুটা কমায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আকর্ষণ সাময়িকভাবে হ্রাস পেয়েছে।
এদিকে দেশের বাজারেও সোনার দাম এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়। নতুন এই দাম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

