ঢাকা ও আশপাশের জেলায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অন্যদিকে ইএমএসসি জানায়, তাদের মাপে কম্পনের মাত্রা ছিল ৩.৭।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় আরেকটি মৃদু ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৩.৩।
গতকাল শুক্রবার সকালে তীব্র ভূমিকম্পে ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে ১০ জন নিহত ও ৬০০-র বেশি আহত হওয়ার ঘটনা ঘটে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়া, ভবন হেলে যাওয়া ও দেয়ালে ফাটল দেখা দেওয়ার ঘটনাও ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের পর পরাঘাত (আফটারশক) হওয়া স্বাভাবিক এবং তা কিছুদিন চলতে পারে।

