চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক এক মুহূর্তের অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পান্থ দত্ত (২৪) নামে এক যুবক।
নিহত পান্থ দত্ত উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণপুকুর (রবীন্দ্রনাল দত্তের বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি স্বপন দত্ত ও নীলা দত্ত দম্পতির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গরুর খড় কাটা নিয়ে মায়ের সঙ্গে পান্থের বকাঝকা হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পরিবারের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি। পরে ঘরে প্রবেশ করে মা নীলা দত্ত ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
স্থানীয়দের সহায়তায় পান্থকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

