শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সৌদিতে নিরাপত্তা ঝুঁকি: ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান চলাচল বন্ধ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর যাত্রীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে জেদ্দা ও মদিনাগামী নিয়মিত ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

- Advertisement -

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, গত ২১ অক্টোবর বুধবার রাতে দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সুরক্ষার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

একই সাথে সৌদি আরবে চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা থেকে রিয়াদগামী রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত করা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে যাত্রীদের অবহিত করা হবে। তবে এই সময়ে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পরিচালনা স্বাভাবিক থাকবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসনে ফাঁকা থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ

এই বিভাগের আরও