সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘আমি ভোট করব, সময় এলে পদ ছাড়ব’—অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

- Advertisement -

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি। সময় এলে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে নির্বাচন করব।”

তিনি জানান, উপযুক্ত সময় এলেই পদত্যাগ করবেন। এর আগেও গত ৫ নভেম্বর একই বক্তব্য দিয়েছিলেন তিনি। সেদিন তিনি জানান, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামানকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখনই পদত্যাগ করব।”

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের সন্তান মো. আসাদুজ্জামানের জন্ম ১৯৭১ সালের জানুয়ারি মাসে।
তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকেই এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন।

১৯৯৫ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। পরের বছর হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। তিনি বিশিষ্ট আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র হিসেবে কাজ করেন। ২০০৫ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও