রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কারফিউ ও হত্যার উসকানি—সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরুর নির্দেশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় উসকানি দেওয়ার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

- Advertisement -

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেওয়া হয়। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল মামলার সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

এদিন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান। অভিযোগ গঠনের আগে তাদের কাছে দোষ স্বীকারের বিষয়ে জানতে চাইলে তারা তা অস্বীকার করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশনের আইনজীবীরা। আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী অব্যাহতির আবেদন করেন, তবে ট্রাইব্যুনাল তা নাকচ করে পাঁচটি অভিযোগে চার্জ গঠনের আদেশ দেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে যুক্ত ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক।

আন্দোলন চলাকালে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ আনা হয়। মামলায় টেলিফোনিক কথোপকথন ও এক্সপার্ট রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নেয়। এর আগে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং গত ২২ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও