সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

উৎসবের আমেজে পলোগ্রাউন্ড — বিএনপির মহাসমাবেশে নজর চট্টগ্রামের

স্টাফ রিপোর্টার

ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম মহানগরসহ আশপাশের জেলা ও উপজেলা থেকে দলে দলে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।

- Advertisement -

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে ভাষণ দেবেন। তাকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনী উত্তাপ ও উদ্দীপনায় সকাল থেকেই মাঠজুড়ে জমে উঠেছে জনসমাগম।

বিএনপির নেতারা বলছেন, পলোগ্রাউন্ডের এই জনসমাবেশ জনসমর্থনের প্রতিফলন। তাদের প্রত্যাশা, এই সমাবেশের মাধ্যমে নির্বাচনী মাঠে একটি শক্ত বার্তা যাবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

দলীয় কর্মসূচি অনুযায়ী, সকালে তারেক রহমান তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

রেড জোন হিসেবে চিহ্নিত মঞ্চে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করবেন। ইয়েলো জোনে সাংবাদিকদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে এবং নারীদের জন্য থাকবে আলাদা ব্লক। পুরো পলোগ্রাউন্ড মাঠ গ্রিন জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে তারা আশাবাদী। তিনি বলেন, শুধু দলের নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নেবেন।

সর্বশেষ

এই বিভাগের আরও