দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে মূল্যবান এই ধাতুর দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭ হাজার ৮৭৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। এর মাধ্যমে দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়েছে।
একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি রুপার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ৭ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
রোববার (২৫ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার বাজার।

