২০২৩ সালের জন্য চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ২৮টি ক্যাটাগরিতে মোট ৩০ জন শিল্পী ও কুশলীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
এবার চলচ্চিত্রের আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কারও জিতেছেন খন্দকার সুমন।
প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।
পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পাচ্ছেন মনির আহমেদ শাকিল ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নাজিয়া হক অর্ষা ‘ওরা সাত জন’ সিনেমায় অভিনয়ের জন্য।
খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন আশীষ খন্দকার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য এবং কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন শহীদুজ্জামান সেলিম ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য।
শিশু শিল্পী শাখায় শ্রেষ্ঠ হয়েছেন মো. লিয়ন এবং একই সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’র জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান ও আনাইরা খান। সংগীত বিভাগে এবছর একক প্রাধান্য পেয়েছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ‘
ও প্রিয়তমা’ গানের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন এবং ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য অবন্তী দেব সিঁথি শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পাচ্ছেন। ‘ঈশ্বর’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সোমেশ্বর অলি এবং সুরকার হিসেবে প্রিন্স মাহমুদ পুরস্কৃত হয়েছেন। শ্রেষ্ঠ সংগীত পরিচালক নির্বাচিত হয়েছেন ইমন চৌধুরী ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য।
সেরা কাহিনিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন ‘প্রিয়তমা’ সিনেমার জন্য। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হয়েছেন নিয়ামুল মুক্তা ‘রক্তজবা’ সিনেমার জন্য এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য। এছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে ‘মরিয়ম’ এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’।

