আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একে এম ফজলুল হক নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় তিনি পাটানটুলি এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগের আগে ডা. একে এম ফজলুল হক কদমতলি বায়ত শরফ মসজিদে নামাজ আদায় করেন এবং মাজার জিয়ারত করেন। পরে তিনি পাটানটুলি ওয়ার্ডের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, পাটানটুলি ওয়ার্ড একটি অবহেলিত এলাকা। এখানে উন্নয়ন সংস্থার অনেক কাজ এখনো বাকি রয়েছে, যা বিগত সরকার আমলে করা হয়নি।
তিনি আরও বলেন, “আমাদের চাওয়ার কিছু নেই। আমার চাওয়া একটাই—এই দেশকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তবে এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
ডা. ফজলুল হক উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি সব সময় জনগণের পাশে থাকার সুযোগ পাবেন এবং এলাকার সব অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়নে কাজ করবেন। তিনি বলেন, “একটি মাত্র জামায়াতকে সহযোগিতা করুন। আমি আশাবাদী, এবার আপনারা দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন।”
তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন কীভাবে কোটি কোটি টাকা পাচার হয়েছে। জামায়াতে ইসলামী কখনো এ ধরনের কাজ করবে না। আমরা সৃষ্টিকর্তাকে ভয় করি। গরিবের হক মেরে খেলে দেশের উন্নয়ন হয় না। আমরা চাই দেশের উন্নতি হোক, দেশের মানুষ ভালো থাকুক।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে পাটানটুলি এলাকাসহ চট্টগ্রাম-৯ আসনের বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকট দূর করা হবে। পাশাপাশি নাগরিক সেবা ও মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
গণসংযোগকালে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তিনি পাটানটুলিসহ ৯ নম্বর আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

