বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

৫ ঘণ্টায় দুইবার দাম বদল—সোনার বাজারে অস্থিরতার চূড়ান্ত রূপ

বছরের শুরু থেকেই চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশের সোনার বাজার। বিশ্ববাজারের উত্থান-পতনের সঙ্গে তাল মেলাতে গিয়ে দেশে নির্ধারিত সোনার দাম এখন ১২ ঘণ্টাও স্থায়ী থাকছে না। এমনকি ৫ ঘণ্টার ব্যবধানেও সোনার দামে পরিবর্তনের ঘটনা ঘটেছে। এরই মধ্যে চলতি বছরের প্রথম ৩৬ দিনেই ২৪ দফা সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

- Advertisement -

দাম বাড়া-কমার এই অস্থিরতার মধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) হঠাৎ কিছুটা স্থিরতা দেখা গেছে। আগের দিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) একদিনেই দুই দফায় বড় অঙ্কে দাম বাড়ানোর পর এখন পর্যন্ত নতুন করে আর কোনো পরিবর্তন আনেনি বাজুস।

মঙ্গলবার সকালে দেশের বাজারে সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়। এরপর বিকেলে আবার ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়। এতে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

বুধবার কার্যকর হওয়া এই দামেই আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী—২২ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) দুই দফায় দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওইদিন ২১ ক্যারেটের সোনা ছিল ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। সেদিন মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে দুইবার দাম পরিবর্তন করা হয়।

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৮ বার কমানো হয়েছে।

আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও