শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডের মর্মান্তিক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস—প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

- Advertisement -

বুধবার (৪ মার্চ) সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এ ধরনের ঘটনা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন এবং গভীরভাবে ব্যথিত। বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করা হবে।”

অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন কেউ এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

শিশু-কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, তারা যেন নিরাপদে খেলাধুলা করতে পারে এবং স্বাভাবিক শৈশব-কৈশোর কাটাতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

প্রসঙ্গত, গত সোমবার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্ক এলাকায় গুরুতর আহত অবস্থায় জান্নাতুল নাইমা ইরা (৭) নামের এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়। পরে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। পুলিশ বাবু শেখ ওরফে মাহবুব আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় এবং পরে হত্যাচেষ্টা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও