দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে জনসম্পদে রূপান্তর এবং তাদের প্রথাগত ও অপ্রথাগত অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা ছাড়া জাতীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সোমবার (২ মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চারজন সংগ্রামী নারীকে সম্মাননা দেওয়া হয়।
মীর হেলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নারীর উন্নয়নে কাজ করেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর আমলে নারীদের অবৈতনিক শিক্ষা চালু এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিল।
তিনি জানান, রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ প্রথা চালুর উদ্যোগ নেওয়া হবে, যেখানে পরিবারের প্রধান হিসেবে নারী কার্ড পাবেন। এ তালিকা প্রণয়নে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না এবং প্রশাসনের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে তা পরিচালিত হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় চার কোটি কর্মক্ষম মানুষ অর্থনীতির বাইরে রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর বড় অংশ নারী। তাদের উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত করা গেলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নারীরা হাঁস-মুরগি পালনসহ নানা কাজে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
নিজের জীবনে মায়ের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীরা নিরলস ত্যাগ স্বীকার করলেও অনেক সময় তারা প্রাপ্য স্বীকৃতি পান না। নারীদের অধিকার কোনো করুণা বা দয়া নয়, এটি তাদের সাংবিধানিক অধিকার।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) মো. নাজিমুল হক।

