ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি খোলা রাখা হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ এ পথ অতিক্রমের চেষ্টা করলে সেগুলোতে হামলা চালানো হতে পারে। শুক্রবার (৬ মার্চ) এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে আলজাজিরা।
ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, তেহরান হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা করছে না। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ পথ দিয়ে নৌযান চলাচল কিছুটা কমে গেছে।
তিনি বলেন, “আমরা হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।”
তবে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, যদি ‘জায়নবাদী ইসরায়েল’ বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, তাহলে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এ হামলার হুমকি প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
অন্যদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

