চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ট্রেনটিতে এই আগুনের সূত্রপাত হয়।
- Advertisement -
কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী জানান, সকাল ৬টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার পর ঢাকা অভিমুখে চলার পথে ট্রেনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ট্রেনের একটি পাওয়ার কার এবং একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাওয়ার কার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

