দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। একদিনেই পাঁচ জেলায় আরও ৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, জ্বর, সর্দি, কাশি ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। দেরি হলে জটিলতা বাড়তে পারে।
রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭৫ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৯ জন এবং মৃত্যু হয়েছে ১ শিশুর।
জেলার হাসপাতালগুলো থেকেও আসছে মৃত্যুর খবর। কুষ্টিয়ায় হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও এক শিশু। চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে নেওয়ার পর ওয়ার্ডে পৌঁছানোর আগেই এক শিশুর মৃত্যু হয়।
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও মারা গেছে আরও এক শিশু।
এদিকে গোপালগঞ্জে হামের হটস্পট তৈরি হয়েছে। সেখানে ইতোমধ্যে ৪৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। নেত্রকোণায় ১৩ জন এবং লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ৩৩ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা জোরদার করা হচ্ছে।

