শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় সাবেক স্পিকারের জামিন

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ থানার আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে জামিন দিয়েছেন আদালত

- Advertisement -

রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৭ এপ্রিল একই মামলায় তাঁর বিরুদ্ধে করা দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অপর একটি আদালত।

জানা যায়, ওইদিন ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। পরে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় গত বছরের ২৫ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১১৫ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী আশরাফুল।

২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। এ সময় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কেউ কেউ গ্রেপ্তার হলেও ড. শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে আসেননি। এমনকি গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।

এ মামলায় তাঁর জামিন মঞ্জুর হওয়ায় আইনি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও