শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

“নিরপেক্ষ থাকব, প্ররোচনায় কাজ নয়”—চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং কোনো প্ররোচনায় কাজ করবে না। তিনি বলেন, “যে অপরাধ করবে, সে-ই অপরাধী—এই ধারণা আমাদের মধ্যে রাখতে হবে।”

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মীরসরাই উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, আইনের বাইরে কাউকে কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। তবে সেবাপ্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনে যথাযথ পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “যারা আমাদের কাছে আসবেন, তাদের কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে, যাতে তারা কোনো দালালের খপ্পরে না পড়ে।”

জেলা প্রশাসক আরও বলেন, ব্যস্ততার অজুহাত দেখিয়ে সেবাপ্রার্থীদের এড়িয়ে যাওয়া উচিত নয়। সমস্যা সমাধান করা সম্ভব না হলেও আন্তরিকতা ও পরামর্শের মাধ্যমে তাদের সহযোগিতা করতে হবে।

মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শ্রমিক বা ব্যবসার আড়ালে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে জেলা প্রশাসক মীরসরাই উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন পরিষদ ও থানা পরিদর্শন করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও